প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ০৯:৫৩ এএম
খানসামা উপজেলায় নদী ভাঙ্গনে নিঃস্ব শতাধিক পরিবার
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় ২০০ একর আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, ফলে হুমকিতে রয়েছে স্থানীয় প্রায় দুইশতাধিক পরিবার।
সরেজমিনে দেখা যায়, ভাবকি ইউনিয়নের পশ্চিম-দক্ষিণে অবস্থিত চাকিনীয়া গ্রামে আত্রাই নদী তার গতিপথ পরিবর্তন করেছে। ফলে এর প্রভাব পড়েছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকায়। ভাঙনের তীব্রতায় শেষ সম্বল বসতভিটা হারিয়ে দিশেহারা এখানকার শতাধিক পরিবার। বর্ষায় ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কে আছেন অনেকেই।
স্থানীয়রা জানান, গত ৩ বছর আগে বর্ষায় হঠাৎ নদীর গতিপথ পরিবর্তন হয়ে আবাদি জমি ভাঙা শুরু হয়। প্রায় ২০০ একর আবাদী জমি ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা আ. গনি বলেন, আমার ৩ বিঘা জমি চাষ করে সংসার চলত। এ বছর নদীতে আমার সব জমি ও গাছপালা বিলীন হয়ে গেছে। বর্তমানে এখন নিজের বসতভিটা নিয়ে আমি দুশ্চিন্তার মধ্যে আছি ।
নদীর পাড়ের আরেক বাসিন্দা আ. সামাদ জানান, নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে চলে এসেছে। এ বছর মনে হয়, আমার বাড়িতে থাকা হবে না। কেমন করে পরিবার নিয়ে থাকবো, সেই চিন্তায় আছি।
স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, আমার ৫ বিঘা জমি নদীতে চলে গেছে। নদী ভাঙ্গন রোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরামর্শে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
খানসামা উপজেলায় নদী ভাঙ্গনে নিঃস্ব শতাধিক পরিবার