প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ০৬:০৫ এএম
নওগাঁয় ট্রাকে আগুন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ ডিসেম্বর বুধবার রাতের কোনো এক সময়ে উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশের বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে যায়।
পুলিশের ধারণা, ট্রাকটির ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
ট্রাকটির মালিকের নাম ওয়াজেদ আলী। তিনি সদর উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা। ওয়াজেদ আলী নিজেই গাড়িটি ভাড়ায় চালাতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের পাশে ট্রাকটি দাঁড়িয়েছিল। রাস্তা দিয়ে যাওয়া লোকজন হঠাৎ করেই ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখেন। পথচারীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকটির খুব বেশি ক্ষতি না হলেও চালকের বসার স্থানসহ ভিতরের বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে।
ট্রাকের মালিক ওয়াজেদ আলী বলেন, সারাদিন কোনো ভাড়া না পাওয়ায় সকাল থেকেই তিনি গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন। কে বা কারা দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে কিংবা কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখেন, ট্রাকের সামনের অংশে আগুন জ্বলছে।
আগুন কীভাবে লেগেছে সেটি নিশ্চিত না হওয়ায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে ট্রাকে আগুন লাগার এই ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, ট্রাকটির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধু চালকের বসার স্থানে সামান্য পুড়ে গেছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
নওগাঁয় ট্রাকে আগুন