প্রকাশ : ১৬ জুন ২০২৩ ১২:৪২ পিএম
পদ্মা সেতু দক্ষিণ থানার ২ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানার সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে ওই আদেশ দেয়া হয়েছে। ওই আদেশটি সন্ধ্যায় শরীয়তপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছায়। মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম ও সুরুজ উদ্দিনকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
শরীয়তপুরের নাওডোবা বাজারের ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোকদারকে তুলে নিয়ে পিটিয়ে ৭২ লাখ টাকার চেক নেয়ার ও একটি ছিনতাই মামলার ৪ আসামীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরের বিরুদ্ধে এখনও কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক বলেন, পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের শরীয়তপুর থেকে অন্যত্র সংযুক্ত করা হয়েছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কোন সিদ্ধান্ত হয়নি। খুব শিঘ্রই আপনাদের এ বিষযটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।
সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসির দায়িত্বে থাকা সুরুজ উদ্দিন আহম্মেদ বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এমন খবর লোক মুখে শুনেছি। আমি এখনও কোন আদেশ পাইনি।
তিনি আরও বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই। কেউ আমার বিরুদ্ধে অভিযোগও করেন নি। উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পালন করেছি। এ কারণে আমাকে কেন শাস্তি দেয়া হবে?
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
পদ্মা সেতু দক্ষিণ থানার ২ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত