প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৪৮ এএম
টাঙ্গাইলে একই দিনে এমপি-মেয়রের নৌকা বাইচ, এলাকায় উত্তেজনা
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এমপি-মেয়রের মাঠের রাজনৈতিক দ্বন্দ্ব গড়িয়েছে জলে। একই স্থানে পাল্টাপাল্টি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছেন টাঙ্গাইল-২ আসনের (ভূঞাপুর-গোপালপুর) সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। উপজেলার গোবিন্দাসী ঘাট যমুনা নদীতে উভয় পক্ষের আয়োজন ঘিরে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
আয়োজক কমিটিদের সূত্র অনুযায়ী, উপজেলার গোবিন্দাসী নৌকা ঘাটের যমুনা নদীতে ১৯ ও ২০ সেপ্টেম্বর সংসদ সদস্য ছোট মনির উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়। অপরদিকে একই স্থানে ১৯-২০ ও ২২-২৩ সেপ্টেম্বর দুই দফায় বীরমুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদের উদ্যোগে চারদিনব্যাপী নৌকা বাইচের ঘোষণা দেয়া হয়েছে। নিজ নিজ প্রতিযোগিতার ব্যাপারে সংসদ সদস্য ছোট মনির ও বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে। ফলে উভয়পক্ষের প্রস্তুতি ঘিরে উত্তেজনাও দেখা দিয়েছে।

এমপি গ্রুপের নৌকা বাইচ পরিচালনা কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম খোকা জানান, এমপি ছোট মনির মহোদয়ের উদ্যোগে ১৯-২০ সেপ্টেম্বর নৌকা বাইচের আয়োজন করেছি এবং প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। উল্লেখিত তারিখেই নৌকা বাইচ হবে। নৌকা বাইচকে কেন্দ্র করে ঘাট এলাকায় মঞ্চ ও সড়কের বিভিন্নস্থানে তোরণ নির্মাণ কাজ শুরু হয়েছে।
অপরদিকে মেয়র গ্রুপের নৌকা বাইচ কমিটির আহ্বায়ক ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা বলেন, নৌকা বাইচ বানচাল করতে এমপি গ্রুপ আরেকটি নৌকা বাইচের আয়োজন করেছে। চারদিনব্যাপী নৌকা বাইচ হবে এজন্য এলাকায় মাইকিং করা হয়েছে। প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, দু’পক্ষের নৌকা বাইচে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে দুইপক্ষের আবেদনের অনুলিপি পেয়েছি। জেলা প্রশাসক বরাবর দুইপক্ষই আবেদন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, নৌকা বাইচের জন্য উভয়পক্ষের আবেদন পেয়ে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছি। এছাড়া আইনশৃঙ্খলার দায়িত্বে যারা থাকবেন তারা দায়িত্ব পালন করবেন। তবে পরিস্থিতি ভিন্ন রকম হলে আইনশৃঙ্খলার বাহিনীর চাহিদা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নৌকা বাইচকে কেন্দ্র করে সকল বাহিনী কাজ করছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
টাঙ্গাইলে একই দিনে এমপি-মেয়রের নৌকা বাইচ, এলাকায় উত্তেজনা