প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ০৪:৪৭ এএম
নবীনগরে চার মাসের শিশুর রহস্যজনক মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে ৪ মাসের নবজাতক শিশু হাজেরার রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশু হাজেরা বিদ্যাকুট গ্রামের প্রবাসী অলিউল্লার মেয়ে।
২১ অক্টোবর শনিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয় লোজকন। এই মর্মান্তিক ঘটনায় ওই পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তানকে সঙ্গে নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে ঘুমিয়ে ছিলেন মা রোমা বেগম। রাত ২টায় ঘুম থেকে উঠে টয়লেটে যান, সেখান থেকে এসে হাজেরাসহ দুই সন্তান নিয়ে তিনি আবার ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোর ৫টায় ঘুম ভেঙে গেলে দেখেন ঘরের দরজা খোলা। পাশে শিশু সন্তান নেই। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি।
পরে আশেপাশের লোকজনও খুঁজতে শুরু করে। একপর্যায়ে তাকে বাড়ির পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে ৯৯৯ নাম্বারে কল করেন।
শিশুর মা রোমা বেগম বলেন, সন্ধ্যায় আমার শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। রাত ২টায় ঘুম থেকে উঠে টয়লেটে যাই, তারপর আবার ঘুমিয়ে ছিলাম। ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা, পাশে আমার সন্তান নেই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হসপিটালে পাঠানো হয়েছে। চার মাসের শিশু কীভাবে পুকুরে গেলো খোঁজখবর নিচ্ছি।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
নবীনগরে চার মাসের শিশুর রহস্যজনক মৃত্যু