প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ০৩:৫৬ পিএম
রাজাপুরে কৃষকের ক্ষেতে নাশকতা: লাখ টাকার ক্ষতি
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ক্ষেত কুপিয়ে নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য নারিকেলবাড়িয়া গ্রামে মাস্টার রফিকুল ইসলামের পুত্র মো. কামাল হোসেনের আখ ও পেপে ক্ষেতে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী কামাল হোসেন।
কৃষক কামাল হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয় একটি জমি লিজ নিয়ে আমি পেপে, কলা, কাকরোল ও আখের মিশ্র চাষ করি। ফলনও বেশ ভালো হয়েছিলো। ১৩ জুলাই বৃহস্পতিবার আমি জরুরী কাজে ঢাকায় থাকার সুযোগে পূর্ব বিরোধের জেরে হাসিব হাওলাদারের পুত্র রিফাত হওলাদার বৃহস্পতিবার সকালে আমার ক্ষেতের আখ, কলা ও পেপে গাছ কুপিয়ে কোটে ফেলে। আমার আখ গাছগুলো পরিপক্ক হয়েছিলো, পেপে গাছগুলোতেও ফলন হয়েছিলো। আর কয়েকদিন গেলেই এগুলো বিক্রি করা যেতো। এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কামাল হেসেন আরও বলেন, আমার যে ক্ষতি হয়েছে আমি তার ক্ষতিপূরন চাই। সেই সাথে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, যাতে কেউ আর এমন করার সাহস না পায়।
সরেজমিনে দেখা যায় কৃষক কামাল হোসেনের ক্ষেতের সবজি গাছ, আখ ও পেপে গাছ ধারালো কিছু দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয়েছে। ক্ষেতের সর্বত্রই ছড়িয়ে-ছিটিয়ে আছে কাটা গাছ, ফল ও সবজিগুলো। বেশি কাটা হয়েছে পেপে ও আখ গাছ। এমন অমানবিক ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা।
অভিযুক্ত রিফাত হাওলাদারের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি, ফলে এ ঘটনায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আমার কাছে এখনও কোন অভিযোগ এসে পৌছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
রাজাপুরে কৃষকের ক্ষেতে নাশকতা: লাখ টাকার ক্ষতি