প্রকাশ : ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ০২:২৪ পিএম
দৌলতদিয়ায় নৌপথে চাঁদাবাজির অভিযোগে আটক ১
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়ায় নৌপথে চাঁদাবাজির অভিযোগে নজরুল ইসলাম নামে একজনকে আটক করেছে নৌপুলিশ। ৫ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার পিয়ার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নজরুল রাজবাড়ী সদর উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পিয়ার মোড় নতুন পাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে।
জানা যায়, নজরুল পেশায় একজন নৌকার মাঝি। তার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নিয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা মাঝে মাঝে পদ্মা নদীতে বিভিন্ন সময় অভিযানের ডিউটি পরিচালনা করত। পুলিশের সাথে ডিউটি করার সুবাদে পুলিশের অগোচরে পদ্মা নদীতে মাছ ধরা বিভিন্ন জেলেদের কাছ থেকে ভয় ভীতি প্রদর্শন করে গত ৩ ফেব্রুয়ারি চাঁদা দাবি করে নজরুল।
এছাড়াও গত ১৫ জানুয়ারি গোয়ালন্দঘাট থানাধীন আইনুদ্দীন প্রামানিক পাড়া সাকিনস্থ পদ্মা নদীতে বিকাশ হালদারসহ অনেকে মাছ ধরছিল। এ সময় নজরুল তার নৌকাযোগে ওই স্থানে গিয়ে জেলেদের কাছে ৫০০ থেকে ২০০০ টাকা করে চাঁদা দাবি করে এবং বলে চাঁদা না দিলে পুলিশে ধরিয়ে দেবে বলে ভয় ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে আশেপাশের জেলেরা এগিয়ে গেলে নজরুল ও তার সাথে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন চাঁদাবাজ দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে এর সত্যতা পায় নৌপুলিশ। পরে অভিযান চালিয়ে নজরুলকে আটক করে নৌপুলিশ।
এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি ওসি জেএম সিরাজুল কবির বলেন, নৌপথে চাঁদাবাজির অভিযোগে নজরুলকে করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
দৌলতদিয়ায় নৌপথে চাঁদাবাজির অভিযোগে আটক ১