প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ০৪:২৫ এএম
ঈদগাঁওতে খাল দখল করে স্থাপনা নির্মাণ
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে প্রবাহমান খাল ভরাট করে স্থাপনা নির্মাণ করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেয়ার পরও স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
জানা যায়, উপজেলার ইসলামাবাদ বোয়ালখালী এলাকায় প্রবাহমান একটি খাল রয়েছে। এ খাল ঈদগাঁও নদীর সাথে সংযুক্ত। খালের পানি দিয়ে অত্র অঞ্চলের শত শত একর জমির চাষাবাদ ও ক্ষেত খামারে আবাদ করে আসছে স্থানীয় লোকজন। এ খালে এলাকার লোকজনের মাছ ধরা, গোসল, কাপড়-চোপড় ধোয়াসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন হয়। এ খালটি এ অঞ্চলের জনগণের জীবনের সাথে মিশে আছে।
সম্প্রতি পূর্ব বোয়ালখালী বদি উদ্দিন পাড়ার নজরুলের দোকান সংলগ্ন এলাকায় মাটি দিয়ে খাল ভরাট করে স্থাপনা নির্মাণ কাজ শুরু করে অত্র এলাকার নুরুল আলমের ছেলে আবু সালেহ জঙ্গি ও সালমান উদ্দিন। এ ব্যাপারে স্থানীয় মেম্বার ছৈয়দ নুর হেলালীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় জসিম, নজরুল, রমজান আলীসহ কয়েকজন বলেন, খাল ভরাটের কারণে অত্র এলাকার চাষাবাদ হুমকির মুখে । তাই কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী জনস্বার্থে খালটি দ্রুত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত আবু সালেহ জঙ্গি বলেন, খালে তাদের খতিয়ানের জায়গা আছে। এ জন্য খাল দখল করে স্থাপনা নির্মাণ কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, অভিযুক্ত জায়গা পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ঈদগাঁওতে খাল দখল করে স্থাপনা নির্মাণ