প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ০৩:৩২ এএম
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আফজাল(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আফজাল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখি এলাকার মনিরুজ্জামানের ছেলে। এক কন্যা সন্তানের জনক আফজাল পেশায় একজন অটোরিকশা চালক।
৯ আগস্ট বুধবার সকাল সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় আফজালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আফজালের খালা লাকি বেগম জানান, আফজালের মা ছোটবেলায় মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে তিনিই আফজালকে লালন পালন করেছেন। আফজাল বর্তমানে পরিবার নিয়ে তার সাথেই থাকে। বুধবার সকালে সাতটায় একটি ফোন পেয়ে আফজাল বাসা থেকে বেরিয়ে যায়। এরপর লোক মারফত খবর পাই, আফজালকে কারা যেন ছুরিকাঘাত করেছে। আশেপাশের লোকজন তাকে নিয়ে হাসপাতালে গেছে। আমরা হাসপাতালে ছুটে যাই, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদুর রহমান বুধবার রাতে জানান, ঘটনাটি আমরা রাত নয়টার দিকে জানতে পেরেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা বর্তমানে থানায় আছে। তাদের কাছ থেকে বিস্তারিত জেনে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন