প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১১:৫১ এএম
কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখম
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ পারিবারিক কলহের জেরে সাবিনা (২৩) নামের এক গৃহবধূকে ধারালো বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্বামী। এ ঘটনায় অটোরিকশা চালক স্বামী হাসানকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
২৪ এপ্রিল বুধবার সকাল দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
গৃহবধূর মা আমেনা বেগম জানান, মুন্সিগঞ্জের লৌহজং থানার শিমুলিয়া গ্রামের হাসানের সাথে তার মেয়ের চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। মেয়ের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী হাসান অটোরিকশা কেনার জন্য প্রায়ই আমার মেয়েকে চাপ দিত। গত কয়েকদিন আগে এ নিয়ে ঝগড়াঝাটি হলে মেয়ে রাগ করে আমাদের বাড়িতে চলে আসে। আজ সকালে হাসান আমার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বাসায় তার বোনের ঘরে নিয়ে মারধর এবং বটি দিয়ে উপর্যপুরি কোপাতে থাকে। আমার মেয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি মেয়ে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে ঝুলে গেছে। আমাকে দেখে হাসান দৌড়ে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় স্থানীয়রা স্বামী ও তার বোনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহত গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে জখম