প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ০৯:৫৮ এএম
ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত ফরিদপুরের বুয়েট শিক্ষার্থী লামিসার বাড়িতে শোকের ছায়া
স্টাফ রিপোর্টার , ফরিদপুর: রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন বুয়েট শিক্ষার্থী লামিসা। এ ঘটনায় লামিসার গ্রামের বাড়ি ফরিদপুর শহরের ঝিলটুলীতে বইছে শোকের মাতম।
লামিসা বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন। ভিকারুন্নেসা থেকে এসএসসি ও হলিক্রস থেকে এইচএসসি পাশ করেন লামিসা। দুই বোনের মধ্যে লামিসা বড়। ছোট বোন রাইসা এ বছর ভিকারুন্নেসা কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
লামিসার বাবা নাসিরুল ইসলাম শামীম। তিনি এডিশনাল ডিআইজি হিসেবে হেডকোয়ার্টার আর এন্ড সিপিতে কর্মরত রয়েছেন। লামিসার মাতা আফরিনা মাহমুদ মিতু ২০১৮ সালে মারা যান। ঢাকার অফিসার্স কোয়ার্টারে দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন নাসিরুল ইসলাম।
এদিকে ১ মার্চ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে লামিসার মরদেহ শহরের দক্ষিণ ঝিলটুলীর বাড়িতে আনা হয়। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বাদ জুম্মা শহরের চকবাজার জামে মসজিদে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
নামাজে জানাজায় অংশ নেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পারিবারিক সূত্র জানায়, বই মেলা থেকে বান্ধবীদের সাথে কাচ্চি খেতে গিয়েছিল লামিসা। অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে লামিসা তার বাবাকে ফোনে জানিয়েছিল, এরপর থেকে তার মোবাইল বন্ধ ছিল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত ফরিদপুরের বুয়েট শিক্ষার্থী লামিসার বাড়িতে শোকের ছায়া