প্রকাশ : ২৮ মে ২০২৪ ০৬:২৬ এএম
বীরগঞ্জে পানিতে পড়ে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ে সম্পর্কে আপন চাচাতো ভাই। শিশুদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন।
২৭ মে সোমবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরাটুঙ্গী ভলেশাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মীরাটুঙ্গী ভলেশাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে লিমন (৩) এবং দুলাল ইসলামের ছেলে তাহিরুল ইসলাম (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মফিজ কাপড় ব্যবসায়ীর পুকুরে গোসল করতে যায় শিশু দুটি। এরপর থেকে কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন পুকুরে নেমে তাদের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন বলেন, ভলেশাপাড়া গ্রামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে পুকুরে ডুবে যাওয়া দুই শিশুর মৃত্যুর কথা শুনে সরজমিনে যান বীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু। তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বাচ্চাদের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ বিষয়ে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
বীরগঞ্জে পানিতে পড়ে একই পরিবারের ২ শিশুর মৃত্যু