প্রকাশ : ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:১৯ এএম
গাজীপুরে ট্রাকচাপায় নিহত ৪
গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১৯ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সূত্রাপুরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ গ্রামের ইয়াকুব আলীর ছেলে মফজেল হোসেন (৬৫), একই এলাকার আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও হাসেম আলীর ছেলে শওকত আলী (৫২)। নিহত আরেক জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনে রিকশা আসছিল। এসময় বিপরীত দিক থেকে টাঙ্গাইলগামী সিমেন্টবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত ও দুই জন আহত হন। পরে গুরুতর একজনকে ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিমেন্টবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে
নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
গাজীপুরে ট্রাকচাপায় নিহত ৪