প্রকাশ : ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৫৩ এএম
প্রকাশিত হলো জোহরা গাজীর বই ‘আগুনের সাথে বসবাস’
বিনোদন প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ার। দেশ বরেণ্য এই মানুষটি জীবদ্দশাতেই তার লিখিত সমস্ত গানের নেপথ্যের গল্প নিয়ে ‘অল্প কথার গল্প গান’ নামে ধারাবাহিক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর ধারাবাহিকতায় এবার ভাষা চিত্র প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বিখ্যাত গান সৃষ্টির নেপথ্যের গল্প ‘অল্প কথার গল্প গান-৪’।
বিশ্বের কোটি কোটি বাঙালি গান প্রিয় মানুষের মনকে যিনি গানের কথা দিয়ে আন্দোলিত করেছেন, উজ্জীবিত-আনন্দিত করেছেন, তিনি বাংলা গানের কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অল্প কথার গল্প গান একটি ধারাবাহিক প্রকাশনা। এ বছর প্রকাশিত হলো বইটির চতুর্থ খণ্ড। পূর্বের তিন খণ্ডের মতো এই খণ্ডেও আছে কিংবদন্তি এই গীতিকারের রচিত বিভিন্ন গানের কথা। একই সঙ্গে আছে কালজয়ী ও আলোচিত বিভিন্ন গান রচনার প্রেক্ষাপট গান রচনার গল্প।
পাশাপাশি প্রকাশিত হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিনী, চলচ্চিত্র প্রযোজক ও এক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা জোহরা গাজী রচিত গ্রন্থ ‘আগুনের সাথে বসবাস’। জার্নিম্যান বুকস প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার এই দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, শেখ সাদি খান, অভিনেতা এবং সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লতিফা চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ারের ভাই ইমরুল আনোয়ার লিটন, গান বাংলার কর্ণধার তাপস, সত্য সাহার সহধর্মিনী রমলা সাহা, সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শুভ্র দেব, মনির খান, আলম আরা মিনু, আঁখি আলমগীর, কোনাল, মুহিন, পুতুল, মোমিন বিশ্বাস, শফিক তুহিন, সঙ্গীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন, অভিনেতা শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।
এসময় গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিনী জোহরা গাজী বলেন, তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কাহিনিকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজক পরিচালক। শিল্প-সংস্কৃতি একটি দেশের পরিচিতির ধারক এবং বাহক, তিনি কর্মের মাধ্যমে তা প্রমাণ করে গেছেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন গাজী মাজহারুল আনোয়ারের কন্যা জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
প্রকাশিত হলো জোহরা গাজীর বই ‘আগুনের সাথে বসবাস’