প্রকাশ : ২০ ফেব্রুয়ারী ২০২৪ ০৩:৫১ এএম
সালাম না দেয়ায় শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উত্তাল যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি: সালাম না দেয়ায় শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির সময়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন তাঁর কার্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা উপাচার্যকে ঘেরাও করে এ ঘটনার দ্রুত বিচারের দাবি জানান। উপাচার্য তাদের আশ্বস্ত করলে তারা পথ ছেড়ে দেন।
আন্দোলনের নেতৃত্ব দেয়া যবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকরামুল কবীর দ্বীপ স্বাক্ষরিত ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়। দাবিগুলো হচ্ছে, শিক্ষার্থী মাঞ্জুরুল হাসানের উপর হামলাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী ও অছাত্রদের হল থেকে বের করতে হবে। ৬ ফেব্রুয়ারি ফিশারীজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ ও করুচিপূর্ণ মন্তব্যকারীদের বিচারের আওতায় আনতে হবে। হলগুলোকে মাদকমুক্ত রাখতে হবে। হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক ফ্লোরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনি সহযোগিতা ও মামলার সকল ব্যয়ভার বহন করতে হবে।
যবিপ্রবি উপাচার্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তদন্ত কমিটি গঠন করে শীঘ্রই দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে, বহিষ্কৃত ও অছাত্রদের হলে তল্লাশি চালিয়ে বের করে দেওয়া হবে। ছাত্রীদের সঙ্গে অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্ত প্রতিবেদন পেলেই প্রশাসন ব্যবস্থা নেবে। হলকে মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোনো অছাত্র, বহিষ্কৃত ও মাদক বিষয়ে আমাকে ইনফর্ম করলে সরাসরি হলে এসে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো।
উল্লেখ্য, ১৬ নভেম্বর শুক্রবার যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতিকে সালাম না দেওয়ায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগের একদল নেতাকর্মীদের বিরুদ্ধে। শাখা ছাত্রলীগের সভাপতি এ ঘটনা অস্বীকার করলেও এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
সালাম না দেয়ায় শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উত্তাল যবিপ্রবি