প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ০৫:১৩ এএম
ড্যাফোডিল শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধর, পরে হাসপাতালে মৃত্যু
স্টাফ রিপোর্টার, সাভার: ঢাকার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে ডেকে নিয়ে মারধরের পর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই এলাকার প্রায় দুই শতাধিক দোকান ভাঙচুর করেছে।
৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন দোকানের বেঞ্চসহ কাঠের সরঞ্জামেও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
নিহত হাসিবুল ইসলাম অন্তর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, ড্যাফোডিল ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থী অন্তরকে আকরাইন বাজারের কিছু লোক গত ২৭ অক্টোবর তুলে নিয়ে ব্যাপক মারধর করে। পরে তারা অন্তরকে খাগানে ফেলে দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আশুলিয়ার রাজু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। পরে পরিবারের তত্ত্বাবধানে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর বৃহস্পতিবার অন্তর মারা যায়। এরপর থেকে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় দুই শতাধিক দোকানে ভাঙচুর চালায়।
হামলার শিকার এলাকাবাসী ও দোকানদাররা জানান, শিক্ষার্থীরা আকরাইন বাজারের একটি পেট্রোলের দোকান থেকে পেট্রোল কিনে দোকানের সামনে রাখা বসার বেঞ্চে আগুন ধরিয়ে দেয়। এছাড়া দুই শতাধিক দোকানে ভাঙচুর চালায়। তবে তারা কাউকে আক্রমণ করেনি। তারা আমাদের দোকানপাটে এসে অতর্কিত হামলা চালায়। কী কারণে হামলা করা হলো তাও আমরা জানি না।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী অন্তর হত্যা মামলার প্রাধান আসামি রাহাতসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (শিক্ষার্থী বিভাগ) সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী অন্তরের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়। এ ঘটনায় তাকে মারধর করে আহত করা হলে অন্তরের পরিবারের তত্ত্বাবধানে ময়মনসিংহে ভর্তি করলে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। আমরা জেনেছি, এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
ড্যাফোডিল শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধর, পরে হাসপাতালে মৃত্যু