প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ০৫:৩১ এএম
মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধার দুই লক্ষ টাকার খড় পুড়িয়ে ছাই
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক মুক্তিযোদ্ধার খড়ের পালায় আগুন দিয়ে ২ লক্ষ টাকার খড় ও কাঠ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামের মুক্তিযোদ্ধা আক্কাস আলী ১৭ নভেম্বর শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুর সোয়া ১ র দিকে একই গ্রামের মৃত আমির চাঁন মন্ডলের ছেলে তোফাজ্জল হোসেন, জসীম উদ্দীনের ছেলে আবুল কালাম আজাদ, আশরাফ আলীর ছেলে দেলোয়ার হোসেন, মৃত আইজুলের ছেলে আব্বাস আলী, মৃত নসখর আলীর ছেলে ইউনুস আলী বুলু, মৃত তমিজ উদ্দীনের ছেলে মোজারুল, মো. বাবুর ছেলে আ. সালাম, মৃত আকবরের ছেলে কামরুল ইসলাম, মৃত নুর মোহাম্মদের ছেলে মো. গোলাম, মৃত মোবারকের ছেলে শহিদুল ইসলামসহ আরও ৭ থেকে ৮ জন জুম্মার নামাজ শুরুর পূর্ব মুহূর্তে আক্কাস আলীর বাড়ির পাশে রাখা তিনটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এতে তার ২০ বিঘা জমির খড়, বিভিন্ন প্রজাতির কাঠ ও জীবন্ত গাছ পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।
এ সময় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আক্কাস চিৎকার শুরু করলেও নামাযের সময় হওয়ায় তাৎক্ষণিক কেউ এগিয়ে আসেনি। নামাজ শেষে মসজিদ থেকে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধার দুই লক্ষ টাকার খড় পুড়িয়ে ছাই