প্রকাশ : ২৩ মে ২০২৪ ০৮:০৪ এএম
জামিনের মেয়াদ বাড়ল ড. ইউনূসের
নিজস্ব প্রতিবেদক: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ড. ইউনূসসহ আসামিদের জামিনের মেয়াদ আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত। এ তথ্য জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
২৩ মে বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল আগামী ৪ জুলাই শুনানির পরবর্তী দিন রেখে ওই দিন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
ওই সময় আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। কলকারখানা অধিদফতরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন। গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন ড. ইউনূস।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
জামিনের মেয়াদ বাড়ল ড. ইউনূসের