প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৪ ১০:১১ এএম
জামিন পেলেন ইভ্যালির রাসেল
আদালত প্রতিবেদক: চেক প্রতারণার মামলায় নিজেকে আত্মসমর্পণ করার পর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
১৭ জানুয়ারি বুধবার তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে মামলার বাদী জামিনের বিরোধিতা না করে আপসের শর্তে মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত রাসেলের জামিন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে হাজির হননি। বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে ১৫ জানুয়ারি একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ মামলায় তাদেরকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওইদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন।
ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক ১৩ সেপ্টেম্বর প্রদান করেন রাসেল। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার করা হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
জামিন পেলেন ইভ্যালির রাসেল