প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩ ১১:০১ এএম
সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ১২ অক্টোবর বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব। তাই এই সরকারের আমলে দাবি আদায়ের জন্য শ্রমিকদের আন্দোলন করতে হয়নি। স্বপ্রণোদিত হয়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এক সময়ে একজন শ্রমিক একবেলা ভাতের জন্য সারাদিন পরিশ্রম করেছেন। কিন্তু সেই চিত্র এখন আর নেই। দিন বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে। এ দিনবদলের অন্যতম কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে। স্বাধীন দেশ উপহার দিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মুক্ত করেছেন।
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শেখ হাসিনার সরকার উন্নত বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহ্বান জানান।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিল্পবসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে মন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে: খাদ্যমন্ত্রী