প্রকাশ : ১২ জুন ২০২৪ ০৩:৪৬ এএম
রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর ইছামতী নদী থেকে নানি-নাতির মরদেহ উদ্ধার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিয়ালবুক্কা খালে নিখোঁজের একদিন পর ইছামতী নদী থেকে উদ্ধার হয়েছে নানি রোকেয়া বেগম (৫০) ও নাতি ইসমাঈল হোসেনের (৮) মরদেহ।
১১ জুন মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ইছামতী নদীর রাঙ্গুনিয়ার দক্ষিণ খন্ডলিয়া পাড়া থেকে নাতিকে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারুয়া সৈয়দনগর থেকে নানির নিথরদেহ উদ্ধার হয়। ১০ জুন সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তারা উপজেলার রাজানগর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড শিয়ালবুক্কা খালে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলো।
নিখোঁজ রোকেয়া বেগম ওই এলাকার আবদুল জলীলের স্ত্রী। অন্যদিকে নাতি ইসমাইলের বাড়ি রাঙামাটি জেলায়। তার বাবার নাম মোহাম্মদ হোসেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, নিখোঁজের পর রাঙামাটি থেকে দুজন ডুবুরি আনিয়ে উদ্ধার অভিযান চালালেও প্রথমদিন উদ্ধার হয়নি। তবে মঙ্গলবার বিকেলে শিয়ালবুক্কা খালের সাথে সংযুক্ত ইছামতী নদী থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার হয়।
জানা গেছে, কয়েকদিন আগে রাঙামাটি থেকে রাজানগর শিয়ালবুক্কা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে নাতি ইসমাইল। সোমবার সকালে অসুস্থ নানি রোকেয়া নাতি ইসমাইলকে নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে যান। বেলা ১২টার দিকে আসার সময় হেঁটে শিয়ালবুক্কা খাল পার হতে গিয়ে স্রোতে দুজনে তলিয়ে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করার পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর ইছামতী নদী থেকে নানি-নাতির মরদেহ উদ্ধার