প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১০:২৮ এএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। ৫ আগস্ট শনিবার দেশটির একটি জেলা ও দায়রা আদালতে তার বিরুদ্ধে ৩ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন বলছে, আদালতের রায়ের পর ইমরান খানকে তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে পাঞ্জাব পুলিশের একটি দল গ্রেফতার করেছে।
এর আগে, শনিবার সকালে আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা। রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে।
বিচারক হুমায়ুন দিলাওয়ার ঘোষিত এ রায়ে বলা হয়, তোশাখানা নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য এবং এটি প্রমাণিত হয়েছে। ইমরান খান ইচ্ছাকৃতভাবে তোশাখানার উপহার নিয়ে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি করার প্রমাণ পাওয়া গেছে। নির্বাচনী ১৭৪ ধারার ওপর ভিত্তি করে করে ইমরানকে তিন বছরের জেল দেওয়া হয়েছে।
আদালতের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে, রায়টি কার্যকরে এটির একটি কপি যেন ইসলামাবাদ পুলিশ প্রধানের কাছে পাঠানো হয়।
এর আগে, রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালামাল অবৈধভাবে আত্মসাৎ ও তথ্য গোপন করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেশটির নির্বাচন কমিশন। এরপর গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার