প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ০৬:১৩ এএম
তেজগাঁওয়ে ট্রেনে আগুন: দুস্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানালেন রিজভী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে গণমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ দাবি জানান।
ট্রেনে আগুন দেওয়ার এ ঘটনাকে সুপরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী বলেন, নাশকতাকারীরা মানবসভ্যতার শত্রুপক্ষ, এরা মানবজাতিকেই অস্তিত্বহীন করতে চায়।
তিনি বলেন, আজ ভোরে যারা রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চারজন যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিলো তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহল বিশেষের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরনের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। মূলত চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি কুটচাল কি না তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, এ ধরনের রোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবল অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব। আমি এই বর্বরোচিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি, ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।
আজ (মঙ্গলবার) ভোরে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ১ বছর আগে
তেজগাঁওয়ে ট্রেনে আগুন: দুস্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানালেন রিজভী