পলাশ (নরসিংদী) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো. রবিউল আলম। জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এক সভায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগরিতে ৬টি উপজেলার মধ্যে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়। ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম জানান, এই প্রাপ্তি আমাকে আরও দায়িত্বশীল করবে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করতে পুরস্কৃত হয়েছি, এটা সত্যিই আনন্দের। তবে আজকের এই অর্জন পুরো পলাশবাসীর অর্জন বলে আমি মনে করি।তিনি আরো বলেন, পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে ভাষা চর্চা ক্লাস চালু করা হয়েছে। চলমান আছে সাংস্কৃতিক ক্লাব কার্যক্রম। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। রয়েছে খেলাধুলার ব্যবস্থা। আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।এদিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
২২ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০৭ এএম
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত হয়েছেন।১৭ সেপ্টেম্বর রোববার জেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মার যৌথ স্বাক্ষরে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করা হয়।আব্দুল্লাহ আল মামুন এক বছরে এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুদের খেলাধুলা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য শিশু ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, কাব স্কাউট গঠন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, ঝরেপড়া শিশুদের বিদ্যালয়ে নেয়া, পুষ্টিহীন মা ও শিশুদের সুস্বাস্থ্য রক্ষা, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হন।এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া ও আইসিটি সামগ্রী বিতরণ, ইংরেজি ভাষা শিক্ষা ও কম্পিউটার ক্লাব গঠন, সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার, শিক্ষার্থীদের সাঁতার বিষয়ে সচেতনতামূলক সভা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কর্মসূচি গ্রহণ করে দ্রুত বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ মে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৪ এএম