প্রকাশ : ০২ ফেব্রুয়ারী ২০২৪ ০৭:০৩ এএম
তজুমদ্দিনে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে ফুটেছে হাসি
ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে এ বছর সরিষার ব্যাপক চাষাবাদ হয়েছে বলে জানান কৃষকরা। চারদিকে সরিষার ক্ষেতের ফুল বাতাসের তালেতালে দুলছে। যার কারণে প্রাকৃতিক এক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে সরিষার মাঠের প্রান্ত থেকে প্রান্তে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশাবাদী চাষিরা।
সরেজমিনে দিয়ে দেখা যায়, আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে হলুদ সরিষা ফুল। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। এ সময় মধু সংগ্রহের কাজে ব্যস্ত থাকে মৌ-মাছিরাও। চারদিক থেকে আসা হাজারও মানুষের ভিড় পরে গেছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁচড়া, শম্ভুপুর, চাঁদপুর, মলংচড়া ও সোনাপুর ইউনিয়নে এবছর ১৬শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। উন্নত জাতের বীজ হিসেবে এ অঞ্চলের চাষীরা বারী সরিষা -১৪, বিনা সরিষা -৪ সহ কয়েক প্রজাতির সরিষার চাষাবাদ করে।
স্থানীয় কয়েকজন কৃষক বলছেন, যদি প্রাকৃতিক দূর্যোগে কোন ক্ষতি না হয় এবার সরিষার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠজুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমিরা। সরিষা মাঠ ঘুরে ঘুরে দেখছেন। কেউবা আবার মোবাইলফোনে তুলছেন সেলফি বলেও জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ সরিষা চাষ হয়েছে। কৃষি অফিসের পক্ষ থেকে সার, বীজ ও কীটনাশক দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা চাষ থেকে কৃষকেরা বাড়তি মুনাফা আয় করতে পারবেন ।
...
প্রকাশ : ২ বছর আগে
আপডেট : ২ বছর আগে
তজুমদ্দিনে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে ফুটেছে হাসি