প্রকাশ : ০৭ জুন ২০২৪ ০২:৪৫ এএম
নড়াইল পৌরসভার পশুহাটের উদ্বোধন
নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার পক্ষ থেকে নতুন করে ‘নড়াইল পৌরসভার পশুর হাট’ এর উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে দীর্ঘকাল বন্ধ থাকার পর ৬ জুন বৃহস্পতিবার বিকেলে নড়াইল পৌর এলাকার গাড়ুচোরা এলাকায় এ হাটের উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর কাজী জহিরুল হক, কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
পৌর মেয়র আঞ্জুমান আরা জানান, এই হাট প্রথম অবস্থায় প্রতি বৃহস্পতিবার বসবে। ঈদের আগে রবিবারও বসতে পারে। এ হাটে সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পশু কিনতে বা বেচতে পারেন, কোনো ক্রেতা, বিক্রেতা বা কোনো ব্যাপারি যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন সে জন্য পৌরসভা কর্তৃপক্ষ সার্বিকভাবে এ হাট পর্যবেক্ষণ করবে।
দেশের যে কোনো হাটে পশু কিনলে ব্যাপক পরিমাণ হাসিল/হাটের ইজারার টাকা নেয়া হয়ে থাকে। যা অনেক সময় ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রদান করা কষ্টকর হয়ে উঠে। সকলের কথা মাথায় রেখে নড়াইল পৌরসভার পক্ষ থেকে গরু কিনলে ২শ টাকা ও বিক্রয় করলে ১শ টাকা এবং ছাগল কিনলে ৬০ টাকা ও বিক্রয় করলে ৪০ টাকা করে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রচন্ড রোদের কারণে বিভিন্ন জায়গা থেকে আসা পশুর ব্যাপারিদের যাতে কিছুটা কষ্ট লাঘব করা যায়, সে জন্য প্রথম দিনে পৌরসভার পক্ষ থেকে পশুর ব্যাপারিদের একটি করে ছাতা উপহার দেয়া হয়েছে। এছাড়াও হাটে নতুন কোনো ব্যাপারি এলে তাদেরও ছাতা দেয়া হবে বলে জানান মেয়র।
...
প্রকাশ : ১ বছর আগে
আপডেট : ১ বছর আগে
নড়াইল পৌরসভার পশুহাটের উদ্বোধন